দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের সুরক্ষায় জাতীয় এসএমই পণ্য মেলায় বিদেশি ও আমদানি করা পণ্য প্রদর্শন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণের সুদের হার ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের অবদান ৩৩ শতাংশ। অথচ ঋণপ্রাপ্তিসহ নানা প্রতিবন্ধকতায় এ খাতের উদ্যোক্তারা সমস্যায় রয়েছেন। বড় করপোরেট প্রতিষ্ঠানের আধিপত্যের কারণে ক্ষুদ্র উদ্যোক্তারাও চাপে পড়ছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি জায়গায় যদি বড় বড় করপোরেট প্রতিষ্ঠানকে নিয়ে আসেন, তাহলে বাদবাকি মানুষগুলো বাঁচবে কীভাবে? আগামী দিনে এ পার্থক্য তৈরি করতে বাজারে প্রচলিত ১৩ থেকে ১৪ শতাংশ সুদের হার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনছি।’
এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা না থাকলেও বিদ্যমান অর্থায়ন কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে ঋণপ্রাপ্তি সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জামানতবিহীন ঋণ দেওয়ার সীমা বাড়ানো হবে। এ খাতের উদ্যোক্তারা যাতে সহজে ব্যাংকঋণের যোগ্যতা অর্জন করতে পারেন এবং ঋণসীমা পেতে পারেন, সে জন্য এসএমই বোর্ডের কাঠামো পুনর্গঠনের কাজ চলছে।
এদিকে, রপ্তানির বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে গত অর্থবছরের তুলনায় প্রায় ৩ বিলিয়ন ডলার বেশি রপ্তানি আয় হতে পারে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, সামগ্রিক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে রপ্তানি মূল্য সংযোজন হয়েছে ৯৮৭ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১ বিলিয়ন ডলার। এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে বছর শেষে রপ্তানি ৩ বিলিয়ন ডলারের বেশি বাড়তে পারে।
আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। এতে প্রায় ৪০০ উদ্যোক্তা অংশ নেবেন। শতভাগ দেশীয় পণ্যের এ আয়োজনে বিদেশি ও আমদানি করা পণ্য প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
এমএস/